নেত্রকোণায় জিয়ার স্মৃতিবিজড়িত ‘তিলকখালি খাল’ খনন উদ্বোধন
১৯৭৯ সালে জিয়াউর রহমান তিলকখালি খালে মাটি কেটে খনন কাজ উদ্বোধন করেছিলেন।

09 Mar 2026, 08:36 PM
নেত্রকোণা সদর উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি খালের খনন কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মেদনী ইউনিয়নের কৃষ্ণাখালী এলাকায় তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের’ আওতায় এই খনন কাজ করা হচ্ছে।

১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিলকখালি খালে মাটি কেটে খনন কাজ উদ্বোধন করেছিলেন।
এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, এক কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে চার হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খালটি খনন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও সেচ কাজে ইতিবাচক প্রভাব পড়বে।

খনন কাজ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান। এতে সংসদ সদস্য ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।
