‘বিদেশি কাপড়’ বলে বিক্রি, প্রমাণ দেখাতে না পারায় লাখ টাকা জরিমানা
‘শাড়ি বিচিত্রা’কে এক লাখ টাকা এবং ‘বি. বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

09 Mar 2026, 09:29 PM
‘বিদেশি কাপড়’ বলে বিক্রি করলেও কোনো প্রমাণ দেখাতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ায় দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, সোমবার শহরের ‘শাড়ি বিচিত্রা’কে এক লাখ টাকা এবং ‘বি. বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এদিন পৌর এলাকার সড়ক বাজার এবং নিউমার্কেটের পাইকারি ও খুচরা কাপড়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। পাইকারি ও খুচরা দোকানগুলোতে ‘বিদেশি’ বলে কাপড় বিক্রি হচ্ছে।
কিন্তু এসব কাপড় কোথায় থেকে কেনা হয়েছে, ক্রয় মূল্য কত, বৈধ পথে এসেছে কিনা, সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়েছে কিনা- এসবের কোনো প্রমাণ দোকান দুটি দেখাতে পারেনি। এ কারণেই তাদের জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সঠিক ঘোষণা প্রদান, সঠিক সোর্সিং সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করার বিষয়ে নির্দেশনার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
