বিদেশি কোম্পানির কাছে শেয়ার বিক্রি আরো সহজ হল

শেয়ার বিক্রি করে পাওয়া সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন কোনো ধরনের অনুমতি ছাড়াই ফেরত নিয়ে যেতে পারবে বিদেশি বিনিয়োগকারী।

বিদেশি কোম্পানির কাছে শেয়ার বিক্রি আরো সহজ হল

09 Mar 2026, 10:15 PM

বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির শেয়ার বিদেশি বিনিয়োগকারীর কাছে বিক্রি সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো বিদেশি বিনিয়োগকারীর কাছে এক কোটি টাকা পর্যন্ত শেয়ার বিক্রি করে দিতে কোনো ধরনের নিরীক্ষিত প্রতিবেদনের প্রয়োজন হবে না।

কোনো ধরনের অনুমতি ছাড়াই শেয়ার বিক্রি করে পাওয়া সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিয়ে যেতে পারবেন বিদেশি বিনিয়োগকারী। তবে এ ক্ষেত্রে সম্পদ মূল্যায়নের প্রতিবেদন থাকতে হবে। উভয় সুবিধাই পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়–এমন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। বিদেশি বিনিয়োগের বিষয়ে এমন সিদ্ধান্ত দিয়ে সোমবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Main News

আগে অনুমতি ছাড়া সর্বোচ্চ ১০ কোটি টাকা নিয়ে যাওয়ার সুযোগ ছিল বিদেশি বিনিয়োগকারীদের। এখন সেই সীমা বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হল।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘‘বিদেশি বিনিয়োগের জন্য ভালো পরিবেশ তখনই তৈরি হয়, যখন বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রতিটি ধাপে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারেন। ‘‘অনুমোদনের জটিলতা কমিয়ে আনা, বিক্রয়লব্ধ অর্থ সহজে দেশে ফেরত নেওয়ার সুযোগ দেওয়া, মূল্যায়ন ও প্রয়োজনীয় নথিপত্রের প্রক্রিয়া সরল করা এবং বিনিয়োগ থেকে প্রস্থানের ধাপগুলো সহজ করার মাধ্যমে বাংলাদেশ সেই লক্ষ্যেই এগোচ্ছে।’’ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্রেতা ও বিক্রেতার বেলায় চুক্তি থাকতে হবে। সম্পদ মূল্য বাজার দর অনুযায়ী ন্যয্য হতে হবে।

শেয়ার বিক্রির বেলায় নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে নিট সম্পদমূল্য (এনএভি), বাজারমূল্য বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো (ডিসিএফ) পদ্ধতি বহাল রাখা হয়েছে নতুন সার্কুলারে। প্রয়োজনীয় নথি ঠিক থাকলে ব্যাংকগুলো ৪৫ দিনের মধ্যে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সারতে পারবে। আর শেয়ার বিক্রিার অর্থ পাঁচ কর্মদিবসের মধ্যে বিদেশি বিনিয়োগকারী নিয়ে যেতে পারবে। সব ধরনের লেনদেনের তথ্য প্রক্রিয়া শেষের পরবর্তী ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন আকারে জমা দিতে হবে ব্যাংকগুলোকে।