রেফারিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফেঁসে গেলেন রদ্রি
প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও, পরে অপরাধ স্বীকার করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

09 Mar 2026, 11:03 PM
‘লোকে চায় না আমরা আর জিতি, কিন্তু রেফারিকে তো নিরপেক্ষ থাকতে হবে’- টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ শেষে এমন আপত্তিকর মন্তব্য করায় কঠিন শাস্তি পেয়েছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারকে ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
গত ১ ফেব্রয়ারি প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও জিততে ব্যর্থ হয় সিটি। দ্বিতীয়ার্ধে ডমিনিক সোলাঙ্কির জোড়া গোলে ২-২ ড্র হয় ম্যাচটি।

পয়েন্ট হারিয়ে ম্যাচ শেষে ওভাবে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছিলেন রদ্রি। তার আপত্তির কারণ ছিল সোলাঙ্কির প্রথম গোলের সময়ের একটি ঘটনা; মার্ক গুইয়ের পায়ের পেছন থেকে লাথি দিয়ে গোলটি করেছিলেন সোলাঙ্কি। ওই প্রসঙ্গ টেনে রদ্রি দাবি করেন, রেফারি জোন্স নিরপেক্ষ ছিলেন না।
তার শাস্তির ঘোষণায় ইংল্যাডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচ অফিসিয়ালের সততা নিয়ে প্রশ্ন তুলে আপত্তিকর মন্তব্য করার দায় স্বীকার করেছেন রদ্রি।
এফএ জানিয়েছে, নিজের অবস্থান পরিষ্কার করতে তাদেরকে রদ্রি দুটি চিঠি পাঠিয়েছে। প্রথম চিঠিতে তিনি লেখেন, “কিছু গণমাধ্যম তার কথার ভুল ব্যাখ্যা করেছে।” দ্বিতীয় চিঠিতে অবশ্য ‘আপত্তিকর শব্দ’ ব্যবহার করার দায় স্বীকার করেছেন রদ্রি।
