এবারও ঈদে মিলছে না নতুন টাকার নোট
জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও নিজেদের কর্মীদের মধ্যে নতুন টাকার নোট বিনিময় করতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

09 Mar 2026, 08:42 PM
আগেরবারের মত এবারও ঈদ উপলক্ষে ব্যাংক থেকে নতুন টাকার নোট পাওয়ার সুযোগ হচ্ছে না নাগরিকদের। আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ঈদ উপলক্ষে পুরনো টাকা বদলে নতুন নোট নেওয়ার সুযোগ দেওয়া হত। কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যক ব্যাংকের কোন কোন শাখা থেকে নতুন নোট বিতরণ করা হবে, তা জানিয়ে সার্কুলার দেওয়া হত।
সেই ধারায় ছেদ পড়ে ২০২৪ সালে। গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট নেওয়ার সুবিধা বন্ধ করে দিয়ে শুধু বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করার নিয়ম চালু করেন। সে বছর সারা দেশের বাণিজ্যিক ব্যাংকের ৮৪টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময়ের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

ক্ষমতায় পালাবদলের পর আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নোট বিতরণ করার পুরো কার্যক্রম বাতিল করে দেন। এ কারণে গত বছরও কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হয়নি।
সেই ধারায় এবারও বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ঈদে কোনো নতুন নোট ছাড়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবছর থেকে বাংলাদেশ ব্যাংক ঈদ উপলেক্ষে কোনো নতুন টাকার নোট বাজারে ছাড়ছে না, এবছরও তাই। বাংলাদেশ ব্যাংক বিশেষ কোনো উপলক্ষে নতুন টাকার নোট বাজারে ছাড়ার কাজটি করে না। এটি সারা বছরের নিয়মিত কাজ, নিয়মিতভাবেই করবে। ব্যাংকগুলো প্রতিদিন বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ও পুরনো নোট নিয়ে যাচ্ছে।”
