দেশজুড়ে কুপনভিত্তিক ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানসহ বিভিন্ন বিশেষায়িত এলাকায় ধাপে ধাপে এসব ওয়াইফাই জোন স্থাপন করার কথা বলেছে কোম্পানিটি।

দেশজুড়ে কুপনভিত্তিক ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

08 Mar 2026, 05:22 PM

সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ নিয়েছে এক শীর্ষ আইএসপি। আর তাদের গ্রাহকরা বিনামূল্যেই এসব জোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন। দেশে ইন্টারনেট সেবায় নতুন এই উদ্যোগটি নিয়েছে আম্বার আইটি।

দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানসহ বিভিন্ন বিশেষায়িত এলাকায় ধাপে ধাপে এসব ওয়াইফাই জোন স্থাপন করার কথা বলেছে কোম্পানিটি। স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করে সাধারণত ফার্মেসি, চায়ের দোকান, মুদি দোকানসহ স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেই ওয়াইফাই পয়েন্টগুলো গড়ে তোলার পরিকল্পনা সাজিয়েছে আম্বার। যে কেউ এই কুপন কার্ড কিনে এই সেবা নিতে পারবেন। বিভিন্ন মেয়াদের এসব কুপন কার্ড ওয়াইফাই পয়েন্টেই পাওয়া যাবে।

Main News

আর, আম্বার আইটির বিদ্যমান গ্রাহকরা যে মোবাইল নম্বর দিয়ে প্রতিষ্ঠানে নিবন্ধন করেছেন, সেই নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়াইফাই জোনে সংযোগ নিয়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এরইমধ্যে দেশের পাঁচটি স্থানে এমন ওয়াইফাই জোন চালুর মাধ্যমে কার্যক্রম শুরুর কথা বলেছে কোম্পানিটি।

আম্বারআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, “ওয়াইফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।” “স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

ইন্টারনেট ব্যবহারে পাঁচ ঘণ্টার জন্য ৮ টাকা, এক দিনের জন্য ১২ টাকা, সাত দিনের জন্য ৬৬ টাকা এবং ৩০ দিনের জন্য ২০০ টাকার প্যাকেজ থাকছে। কুপন কার্ডে দেওয়া কোড ব্যবহার করে গ্রাহকেরা সহজেই ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন। এরইমধ্যে বরিশালের বিবির পুকুর পাড়, ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গল রেল স্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড এবং নীলফামারী জেলার ইপিজেড মোড়ে এসব ওয়াইফাই জোন চালু করা হয়েছে। চলতি মাসের মধ্যে বিশেষ করে ঈদের আগে দেশের আরও অন্তত ১৫টি স্থানে নতুন ওয়াইফাই জোন চালু করার কথা বলেছে কোম্পানিটি।